ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষককে অব্যাহতি, অন্যতম অভিযোগ ‘জুলাইবিরোধী’ অবস্থান

বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষককে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যান্য খবরের মধ্যে রয়েছে, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রীত্বের অভিজ্ঞতা বলা দরকার, আমি দেখছি, কিছুই বদলায় নাই। যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে।"

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়েই যাচ্ছে। তিন দিনের সফরে দিল্লি থেকে আজ দুপুরে ঢাকায় এসে পৌঁছান সার্জিও গর।
    • জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদেকা হালিমসহ তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত ও চার শিক্ষককে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
    • "আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রীত্বের অভিজ্ঞতা বলা দরকার, আমি দেখছি, কিছুই বদলায় নাই। যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে। একইভাবে যারা ভালো একটা কাজকে আটকে দিতো, তারা আটকে দিচ্ছে," বলেছেন বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িতে আবারও হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
    • অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ��্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
    • কয়েক সপ্তাহের মধ্যেই চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠন করতে চাচ্ছে ইরান।
    • সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে সরকার। পাশাপাশি, ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলও নিয়োগ দেওয়া হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর পড়তে বিবিসি বাংলার মূলপাতায় ক্লিক করুন।

  2. যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়েই যাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর এই ছবি এক্সে পোস্ট করেছেন সার্জিও গর

    ছবির উৎস, Ambassador Sergio Gor/X

    ছবির ক্যাপশান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর এই ছবি এক্সে পোস্ট করেছেন সার্জিও গর

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়েই যাচ্ছে।

    তিন দিনের সফরে দিল্লি থেকে আজ দুপুরে ঢাকায় এসে পৌঁছান সার্জিও গর। এরপর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, "বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করে আমি আনন্দিত। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।"

    এদিকে, বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তখন তার কাছে জানতে চাওয়া হয় যে সার্জিও গরের সাথে বাংলাদেশের বৈদেশিক নীতি বা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। উত্তরে মন্ত্রী বলেন, "যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সরকার প্রথম দিন থেকেই সম্পর্ক রাখছে। এটি একটি বৈঠকেই সীমাবদ্ধ নয়। আমরা সব স্তরেই সম্পর্কটা রাখছি এবং এটা এগিয়েই যাচ্ছে।"

    রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা – প্রসঙ্গে তিনি বলেন, "রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাংলাদেশ যে সাহায্য পায়, তার অর্ধেকের বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে। এ নিয়ে মিয়ানমারের ওপর চাপ দেওয়ার বিষয়ে আমরা আ��োচনা করিনি। আমরা আশা করবো যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে।"

    সম্প্রতি বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

    এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুরুতে শুল্কহার ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। তবে যে আইনের আওতায় তা করা হয়েছিল, সেই আইনে কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ১৫৫ দিনের জন্য ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যায়। সেই সময়সীমা শেষ হওয়ায় এখন যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশের জন্য ১০ শতাংশ এবং অন্য কয়েকটি দেশের জন্য ১২ শতাংশ শুল্ক রাখা হয়েছে।

    পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, "এই ট্যাক্স নিয়ে মানুষের কোনো ধারণাই নাই...এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটার কথা কেউ বলছে না...আমার সাথে আমেরিকার বাণিজ্য আলোচনায় আমি বলেছি, এই জামাকাপড় যদি আমেরিকার তুলা দিয়ে বানাই, তাহলে এটা তো 'ট্রান্সফর্মড আমেরিকান কটন'। তাহলে আপনারা এর ওপর কেন শুল্ক ধার্য করবেন?"

    সেজন্য এবার যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বিশেষ ছাড় (ডিসপেনসেশন) দিয়েছে এবং একটি ট্যারিফ কোটা ব্যবস্থা চালু করেছে। এর ফলে এখন থেকে বাংলাদেশ মার্কিন বাজারে আরও বেশি প্রবেশাধিকার পাবে। একই সুবিধা বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও কয়েকটি দেশও পেয়েছে বলেও তিনি যোগ করেন।

    এসময় পররাষ্ট্রমন্ত্রী আরও জানান যে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আজকের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হয়নি।

    আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মিয়ানমারে মানবিক করিডোর নিয়ে যুক্তরাষ্ট্র কখনোই কোনো প্রস্তাব দেয়নি।

  3. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষককে অব্যাহতি, অন্যতম অভিযোগ ‘জুলাইবিরোধী’ অবস্থান

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষককে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    আজ বৃহস্পতিবার, ৩০শে জুলাই বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

    তিনি বলেন, "এদের একেকজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন অভিযোগ আছে। তবে জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়াটা তো অবশ্যই একটা মূল কারণ। এটা কমন।"

    গত মঙ্গলবার, ২৮শে জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় "জুলাইয়ের চেতনা বিরোধী কর্মকান্ডে জড়িত ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনের বিরুদ্ধে" ব্যবস্থা নেওয়ার লক্ষ্য থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

    বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্ত�� পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে– পৃথক পৃথক অভিযোগে তিন জন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া, চার জন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    এই তালিকায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাদেকা হালিমও। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    তার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ, নৈতিক স্খলনজনিত অপরাধ-সহ বিভিন্ন অভিযোগে" তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    এছাড়া, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ এবং তথ্যানুসন্ধান কমিটির রিপোর্টের ভিত্তিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. আফরোজা শেলীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ডিকেট সভায়।

    "জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা পরিপন্থি কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকার বিরোধী অপপ্রচার এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান গ্রহণ ও হুমকি প্রদানের অভিযোগে" ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মুহিতকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে বলে এতে জানানো হয়।

    একই অভিযোগে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামকেও একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরানো হয়েছে।

    ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের বিষয়ে অভিযোগ হলো, তিনি নানাবিধ অনিয়মের সাথে যুক্ত এবং এম.ফিল ও পিএইচ.ডি থিসিসের মধ্যে সাদৃশ্যমূলক চৌর্যবৃত্তি করেছেন। তাই, তাকেও বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  4. শীঘ্রই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান: রয়টার্সের খবর

    ২০২৩ সালের ১৪ই ফেব্রুয়ারি চীনের তিয়ানআনমেন স্কয়ারে চীন ও ইরানের জাতীয় পতাকা উড়ছে।

    ছবির উৎস, REUTERS/Thomas Peter

    ছবির ক্যাপশান, ২০২৩ সালের ১৪ই ফেব্রুয়ারি চীনের তিয়ানআনমেন স্কয়ারে চীন ও ইরানের জাতীয় পতাকা উড়ছে।

    কয়েক সপ্তাহের মধ্যেই চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান।

    যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠন করতে চাচ্ছে ইরান।

    আর তারই ধারাবাহিকতায় চীনের তৈরি প্রায় ৪০০টি কাঁধ থেকে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রথম চালান আগামী কয়েক সপ্তাহের মাঝেই ইরানের হাতে পৌঁছাতে পারে।

    ইরান ও চীনের এই চুক্তি সম্পর্কে অবগত, এমন তিনটি সূত্র বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

    এই চুক্তির ক্রয়মূল্য প্রায় প্রায় ছয় থেকে সাত কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সবচেয়ে বড় উদ্যোগগুলোর একটি হল এটি।

    কারণ এই যুদ্ধ ইরানের দুর্বলতাগুলোকে সামনে এনে দিয়েছে। বিশেষ করে এই যুদ্ধে এটি স্পষ্ট হয়েছে যে ইরানের সামরিক ঘাঁটি ও কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা ব্যবস্থার মাঝে অনেক দুর্বলতা রয়েছে।

    সূত্রগুলো বলছে, চুক্তির আওতায় চীনে তৈরি কিউডব্লিউ-১২ ও এফএন-১৬ মডেলের ৩০০ থেকে ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (ম্যান পোর্ট্যাবল এয়ার ডিফেন্স সিস্টেমস বা এমএএনপিএডিএস) কানা হতে পারে এবং এই চুক্তিটি হংকংভিত্তিক কোম্পানি 'ঝোংকিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট'-এর সাথে হয়েছে। কোম্পানিটি ইরান ও চীনের সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

    এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

    আর, চীনের চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "এ সংক্রান্ত প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের অবসান ঘটাতে ভূমিকা রেখে এসেছে।"

  5. সুপ্রিম কোর্টে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

    বাংলাদেশের সুপ্রিম কোর্ট

    ছবির উৎস, MUNIR UZ ZAMAN

    ছবির ক্যাপশান, বাংলাদেশের সুপ্রিম কোর্ট

    সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনে�� জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে সরকার।

    বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ বিষয়ে পৃথক দু'টি প্রজ্ঞাপন জারি করে এ কথা জানানো হয়েছে।

    পাশাপাশি, ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলও নিয়োগ দেওয়া হয়েছে।

    আগের সব নিয়োগ বাতিল করে নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ দেওয়া হয়েছে।

    ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন

    ছবির উৎস, solicitor.lawjusticediv.gov.bd

    ছবির ক্যাপশান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন
    সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন

    ছবির উৎস, solicitor.lawjusticediv.gov.bd

    ছবির ক্যাপশান, সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন
  6. অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন

    কথা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন
    ছবির ক্যাপশান, কথা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন

    দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

    আজ বৃহস্পতিবার বেলা ৩টায় কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যা�� ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

    মাহ্দী আমিন বিবিসি বাংলাকে বলেন, "আমরা বাস্তবসম্মত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, আগামী মাসের (আগস্ট) শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু হবে।"

    আগামী এক মাসের মধ্যে কর্মী যাওয়া শুরু হলে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে জানিয়ে তিনি সাধারণ মানুষকে দালাল ও অসাধু চক্রের প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বানও জানান।

    অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকা বর্তমান সমঝোতা স্মারকের ভিত্তিতে মালয়েশিয়া নিজস্ব যাচাই-বাছাই ও কাঠামোর ওপর ভিত্তি করে এজেন্সির চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে।

    তিনি আরও বলেন, "ইতোমধ্যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিগত ফ্যাসিবাদের সাথে জড়িত, বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিবর্গের লাইসেন্স বাতিল করা হয়েছে।

    "সুতরাং আমরা মালয়েশিয়া সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছি যে, যারা ফ্যাসিবাদী ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল কিংবা সিন্ডিকেটের অংশ হিসেবে দুর্নীতি করেছে, তাদের কেউই নতুন তালিকায় স্থান পাবেন না। মালয়েশিয়ান কর্তৃপক্ষ অল্প কিছুদিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত করবে" বলেন মাহ্দী আমিন।

  7. চার-পাঁচ মাসের ম‌ন্ত্রিত্বের অ‌ভিজ্ঞতায় দে‌খে‌ছি, কিছুই বদলায়নি: মির্জা ফখরুল

    স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP

    ছবির ক্যাপশান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    "আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রীত্বের অভিজ্ঞতা বলা দরকার, আমি দেখছি, কিছুই বদলায় নাই। যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে। একইভাবে যারা ভালো একটা কাজকে আটকে দিতো, তারা আটকে দিচ্ছে," বলেছেন বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার ঢাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, "আমার বয়স অনেক। আমি তো সত্যিকারার্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমরা আমাদের মধ্যে দেখছি না।

    "কিন্তু আশাবাদী হই এই কারণেই যে, আমি একজন মানুষের মধ্যে পরিবর্তন দেখেছি। সেটা তারেক রহমান। তিনি চেষ্টা করছেন। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন। সেই নজিরকে সবাই মিলে সামনে নিয়ে গেলে হয়তো এই পরিবর্তনটা হবে।"

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন যে সকলে যদি মন-মানসিকতায় পরিবর্তন আনেন, তাহলে জুলাই আন্দোলন সফল হবে।

  8. এবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিসের গাড়িতে হামলার অভিযোগ

    সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আবারও

    ছবির উৎস, Nahid Islam/Facebook

    ছবির ক্যাপশান, সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আবারও

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িতে আবারও হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

    আজ দুপুর সোয়া তিনটার দিকে এনসিপি'র আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

    তিনি লিখেছেন, সিলেটের গোলাপগঞ্জ থেকে সিলেটে ফেরার পথে এই ঘটনা ঘটেছে।

    "সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সিলেটে ফেরার পথে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে আবারও বর্বরোচিত হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসী বাহিনী," বলেন তিনি।

    সারজিস আলমও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?"

    এর আগে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে সারজিস আলম আরেকটি পোস্টে লেখেন, "সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপি'র সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।

    এদিকে, সিলেটের পুলিশ জানিয়েছে, গোলাপগঞ্জে কর্মসূচি শেষ করে সিলেটের কানাইঘাটে য়াওয়ার পথে সারজিস আলমের ঘাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে গাড়ির কাঁচ ভেঙেছে; কেউ হতাহত হয়নি।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। সে ব্যাপারে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিল এনসিপি। যদিও বিএনপি নেতারা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

  9. সিলেটে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে বিজিবি মোতায়েন, ছয় উপজেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার

    সিলেট

    ছবির উৎস, Google

    সিলেটের দুইটি উপজেলায় আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে সিলেটের ছয় উপজেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

    সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বিবিসি বাংলাকে জানিয়েছেন, এনসিপি'র কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেইসাথে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশও দায়িত্বরত আছে।

    সিলেটের ১৩টি উপজেলার মাঝে ছয়টি উপজেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    সেগুলো হলো– কানাইঘাট, গোলাপগঞ্জ, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা।।

    গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই হামলায় আহত হন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

    এর প্রতিবাদে এনসিপি বুধবার সমাবেশ ডাকলে ছাত্রদল একই স্থানে সমাবেশ ডাকে।

    পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। প্রতিবাদ সমাবেশে যোগ দিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা বাহুবল থেকে মৌলভীবাজার ফিরে যান।

    বুধবার রাতে জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০০ জনের নামে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এনসিপি।

    শুক্রবার আরও তিন উপজেলায় এ পদযাত্রা করার কর্মসূচি রয়েছে এনসিপির।

  10. বুধবার সারাদিন যা যা হলো:

    • জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০০ জনের নামে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
    • মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল এনসিপি। ওই কর্মসূচি ঘোষণার পর একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও ছাত্রদল। পরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
    • এনসিপির কর্মসূচিতে অংশ নিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহসহ শীর্ষ নেতারা হবিগঞ্জের পথে রওনা হলে মৌলভীবাজার ও হবিগঞ্জের অন্তত চার জায়গায় পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ করেছে দলটি।
    • আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি।
    • চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার ভোরে যশোর পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়ক থেকে তাদেরকে আটক করে।
    • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া ও সদ্য নিয়োগকৃত নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
    • মৃত্যুর দেড় বছর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং��ে কয়লা কেলেঙ্কারি মামলা থেকে অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার তার বিরুদ্ধে চলা কয়লা কেলেঙ্কারি মামলার সমাপ্তি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
    • ভারতের বন্যা বিধ্বস্ত আসামে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ‘ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফর্মেশনম্যানেজমেন্ট সিস্টেমে’র তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় শিবসাগরে সাতজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৭৫ জনে গিয়ে দাঁড়িয়েছে।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে